লেবাননে ইসরায়েলি হামলায় এক সপ্তাহে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

লেবাননে চলমান সংঘাতে গত এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ২ মার্চ থেকে লেবাননের বিভিন্ন স্থানে সংঘাত তীব্র হওয়ায় শিশুদের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৮ মাসে লেবাননে সংঘাতের কারণে মোট ৩২৯ শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

সংস্থাটি বলেছে, এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং চলমান সংঘাত শিশুদের ওপর কতটা গুরুতর প্রভাব ফেলছে তার স্পষ্ট প্রমাণ।

এদিকে সংঘাতের কারণে লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। প্রায় ৭ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।

ইউনিসেফ সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়েছে। বিশেষ করে স্কুল ও আশ্রয়কেন্দ্র নিরাপদ রাখার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি বলেছে, পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকাতে এবং শিশুদের আরও ক্ষতি থেকে রক্ষা করতে অবিলম্বে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।