মিয়ানমারের রাখাইন ও কায়াহ রাজ্যের চারটি জনপদে রোববার (১ নভেম্বর) সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
রাখাইন রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-উ, পাউকতাও ও কিয়াউকফিউ এলাকায় আবাসিক এলাকা এবং একটি মাতৃসদনে বিমান হামলা চালানো হয়। এতে রাজ্যটিতে ১২ জন নিহত হন।
এর আগে শনিবার কায়াহ রাজ্যের পূর্বাঞ্চলীয় লোইকাও জনপদের একটি স্কুলে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ছুটির দিনে শিশুরা সেখানে পুষ্টিবিষয়ক একটি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু নিহত এবং আরও আটজন আহত হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছে মিয়ানমার। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে একাধিক জাতিগত সশস্ত্র বিরোধী গোষ্ঠী।
রাখাইন রাজ্যে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গার বসবাস। মুসলিম এই সংখ্যালঘু জনগোষ্ঠী মিয়ানমারের সামরিক বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়েছে। বছরের পর বছর ধরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা।
সূত্র: আনাদোলু এজেন্সি
হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা, নিহত অন্তত ২৪