ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি নিহত

সপ্তাহের শুরুতে মধ্য ইসরায়েলে ইরানের চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনথ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (৯ মার্চ) ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিবিড় পর্যবেক্ষণে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি; চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের পক্ষ থেকে চালানো এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে বর্তমানে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্য ইসরায়েলের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই মৃত্যুর ঘটনা ইসরায়েলের পক্ষ থেকে আরও কঠোর সামরিক পাল্টা পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল ও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই