পাকিস্তানে এমপিদের বেতন কমলো ২৫% 

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবিলায় মিতব্যয়ী পদক্ষেপ ও সঞ্চয় পরিকল্পনা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভাষণে তিনি জানান, হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে বিঘ্ন, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এবং বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকটে দেশটিও প্রভাবিত হচ্ছে।

সরবরাহ ব্যাহত হওয়ার কারণে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। শেহবাজ শরীফ বলেন, পুরো অঞ্চল যুদ্ধাবস্থায় এবং পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি পাকিস্তানের পশ্চিম সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ ও সন্ত্রাসবাদের হুমকির কথাও উল্লেখ করেন এবং দেশটির সশস্ত্র বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন, বিশেষ করে চিফ অব ডিফেন্স স্টাফ অসীম মুনির-এর নেতৃত্বে।

ভাষণের শেষ অংশে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ওপর হামলা ও হত্যার নিন্দা জানান এবং উপসাগরীয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে পাল্টা হামলার ঘটনাও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন।

ব্যয় সংকোচনে যেসব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান

বর্তমান অর্থনৈতিক সঙ্কটে ব্যয় কমাতে কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় সরকার মিতব্যয়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই পদক্ষেপের মধ্যে রয়েছে :

• জ্বালানি সাশ্রয় : আগামী দুই মাস সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এ সময় সরকারি দপ্তরের ৬০ শতাংশ গাড়ি ব্যবহার করা হবে না।

• বেতন কাটছাঁট : ফেডারেল মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা আগামী দুই মাস কোনও বেতন পাবেন না। এছাড়া সংসদ সদস্যদের বেতন ২৫ শতাংশ কমানো হয়েছে।

• ব্যয় সংকোচন : সব সরকারি দপ্তরের ব্যয় ২০ শতাংশ কমানোর নির্দেশ।

• বিদেশ সফর : মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের বিদেশ সফর নিষিদ্ধ। ভার্চুয়াল মিটিং বা টেলি কনফারেন্সকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

• অন্যান্য : ৩ লাখ রুপির বেশি মাসিক বেতনভোগী ২০তম গ্রেড ও তার ওপরের কর্মকর্তাদের দুই দিনের বেতন কাটা হবে। সরকারি পর্যায়ে সব ধরনের নৈশভোজ ও ইফতার পার্টি নিষিদ্ধ করা হয়েছে। সেমিনার ও অনুষ্ঠানের জন্য শুধু সরকারি ভেন্যু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

• জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জনবল বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন। সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে। তবে এর আওতামুক্ত থাকবে ব্যাংক।

• শিক্ষা খাত : চলতি সপ্তাহের শেষ থেকে স্কুলগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস শুরু হবে। সূত্র: জিও নিউজ

AS/SN
আরও পড়ুন