ইসরায়েলের স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলি সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

মঙ্গলবার (১০ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ (সদত মিচা) স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্যমতে, এই ‘হায়েলা’ কেন্দ্রটি ছিল ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান সমন্বয় কেন্দ্র। এটি মূলত যুদ্ধবিমান গুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্ক ও অপারেশনাল কমান্ডের জন্য অপরিহার্য অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই কেন্দ্রটি অকেজো হয়ে পড়লে ইসরায়েলি বিমানবাহিনীর আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধস নামতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওই হামলায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর খবর আসার পর থেকেই ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তরঙ্গ পাঠাচ্ছে।

বর্তমানে যুদ্ধের ময়দানে দুই পক্ষই অনড় অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে যুদ্ধ প্রায় শেষের দিকে এবং ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে। তবে ইরান সেই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এই যুদ্ধের সমাপ্তি বা ইতি কখন ঘটবে তা ওয়াশিংটন নির্ধারণ করতে পারবে না; বরং ইরানের সশস্ত্র বাহিনীই যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে।