ইরানের নিরাপত্তা প্রধান

ট্রাম্পের ফাঁকা হুমকিতে ভয় পায় না ইরান

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তেহরান এসব হুমকিতে কোনোভাবেই ভয় পায় না। তার ভাষ্য অনুযায়ী, এমন হুমকি ইরানকে দমিয়ে রাখতে পারবে না এবং দেশটির প্রতিরোধ সক্ষমতা অটল রয়েছে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি ইরান কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ব্যবহার করে তেলের সরবরাহ বন্ধ করার মতো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। এই বক্তব্যের মধ্য দিয়ে মার্কিন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহকে বাধাগ্রস্ত হতে দিতে চায় না।

এই হুমকির জবাবে ইরানের লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’

সূত্র: আলজাজিরা