আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গোষ্ঠীটি বলেছে, তাদের মিসাইল সক্ষমতা এখনো অক্ষত রয়েছে এবং তারা আগের তুলনায় আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে।

মঙ্গলবার (১০ মার্চ) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডারের বরাতে আলজাজিরা জানায়, ভবিষ্যতে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে সেগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি হবে। এর মাধ্যমে হামলার শক্তি ও ধ্বংসক্ষমতা আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ও তীব্রতা বাড়ানো হবে এবং হামলার পরিধিও আরও বিস্তৃত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যকর রয়েছে বলেই এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, সাম্প্রতিক হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, উৎক্ষেপণ ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবে তেহরান সেই দাবি অস্বীকার করে বলছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখনো সক্রিয় এবং প্রয়োজনে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের সক্ষমতা তাদের রয়েছে। সূত্র: আলজাজিরা