হরমুজ প্রণালীতে হামলা

লোহিত সাগরের বন্দরে বাণিজ্য সরাচ্ছে সৌদি আরব

হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত জাহাজ হামলার প্রেক্ষাপটে নিজেদের সামুদ্রিক বাণিজ্য রক্ষায় বড় ধরণের কৌশলগত পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটি এখন পারস্য উপসাগরীয় অঞ্চলের পূর্ব দিকের বন্দরগুলোর পরিবর্তে লোহিত সাগরের পশ্চিম দিকের বন্দরগুলো দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত হরমুজ প্রণালী এড়াতেই রিয়াদ এই পদক্ষেপ নিয়েছে। কারণ, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এটি কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সৌদি আরবের নতুন এই উদ্যোগের আওতায় সামুদ্রিক বাণিজ্যের অধিকাংশ কার্যক্রম এখন লোহিত সাগরের বন্দরগুলো দিয়ে পরিচালিত হবে। পারস্য উপসাগরীয় বিভিন্ন বন্দর থেকে আসা কন্টেইনার এবং কার্গো গ্রহণ করার জন্য নতুন লজিস্টিক রুট এবং পরিবহন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসের লোহিত সাগরের একটি বন্দর পরিদর্শনকালে বলেন, ‘আমাদের পরিবহন ও লজিস্টিক সিস্টেম বর্তমানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আমরা বন্দর, বিমানবন্দর এবং পরিবহন নেটওয়ার্কগুলোর সক্ষমতা বৃদ্ধি করেছি।’

বিশ্বের মোট খনিজ তেলের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কিন্তু বর্তমানে ইরানের সাথে সংঘাতের জেরে এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইরানের সামরিক বাহিনী এই পথে যাতায়াতকারী শত্রুদেশ বা তাদের মিত্রদের জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই ঝুঁকি এড়াতেই সৌদি আরব তাদের ভূখণ্ডের পশ্চিম উপকূলের বন্দরগুলোকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে।