পারস্য উপসাগরে হরমুজ প্রণালির কাছে আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে পরপর তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্য অঞ্চলে সামুদ্রিক নৌ চলাচল দেখভালকারী ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং পরিবেশগত কোনো ক্ষতি হয়নি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক জাহাজে অবস্থান করছেন।
এর আগে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আঘাত পায়। জাহাজটির নাবিকরা নিরাপদে রয়েছেন এবং এটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাতের মুখে পড়ে। জাহাজটির নাবিকরা নিরাপদ রয়েছেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মাত্র ২১ মাইল প্রশস্ত এই সরু জলপথ দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরুর পরই ইরানি সামরিক বাহিনী এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় এবং কার্যত বন্ধ করে দেয়। সূত্র: সিএনএন।
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, জ্বলছে আগুন
মার্কিন ও ইসরায়েলি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের
