ট্রাম্পের নিশানায় ভারত ও বাংলাদেশসহ ১৬ দেশ

মার্কিন বাণিজ্য বাজারে আধিপত্য বিস্তার ও 'অন্যায্য বাণিজ্য নীতি'র অভিযোগে ভারত, চীন এবং বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক নীতিকে 'অবৈধ' ঘোষণা করার পর, এবার 'সেকশন ৩০১' (Section 301) আইনের আওতায় এই পদক্ষেপ নিল হোয়াইট হাউস।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিশন গ্রিয়ার জানিয়েছেন, এই তদন্তের ফলে আগামী গ্রীষ্মের মধ্যেই ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর ওপর নতুন করে উচ্চহারে শুল্ক আরোপ করা হতে পারে।

আমেরিকার এই 'এক্সেস ক্যাপাসিটি' বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সংক্রান্ত তদন্তের তালিকায় রয়েছে ভারত, চীন, বাংলাদেশ, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডাকে এই তদন্তের বাইরে রাখা হয়েছে।

জেমিশন গ্রিয়ার সাংবাদিকদের বলেন, ‘যেসব দেশের বিশাল বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এবং যারা নিজেদের সক্ষমতার অতিরিক্ত পণ্য উৎপাদন করে মার্কিন বাজার সয়লাব করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। মার্কিন উৎপাদন শিল্পকে রক্ষা করতেই এই পদক্ষেপ।’

শুধুমাত্র অতিরিক্ত উৎপাদন নয়, জোরপূর্বক শ্রমের (Forced Labor) মাধ্যমে পণ্য তৈরির অভিযোগে আরও ৬০টি দেশের বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করছে মার্কিন প্রশাসন। বিশেষ করে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের দিয়ে কাজ করানোর অভিযোগে আগে থেকেই কড়াকড়ি থাকলেও, এবার এর পরিধি আরও বাড়ানো হচ্ছে।

ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর, বর্তমানে সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। জুলাই মাসে এই সাময়িক মেয়াদ শেষ হওয়ার আগেই 'সেকশন ৩০১'-এর তদন্ত শেষ করে স্থায়ী ও কঠোর শুল্ক ব্যবস্থা কার্যকর করতে চায় ট্রাম্প প্রশাসন।