লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ঘটনার পর লেবানন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ মার্চ) কাৎজ দাবি করেন যে আগের দিন হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তীব্র হামলা চালিয়েছে।
এ ঘটনার পর তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-কে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়েছেন। কাৎজ বলেন, লেবানন সরকার যদি নিজেদের ভূখণ্ডে কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয় এবং হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখতে না পারে, তাহলে পরিস্থিতির জন্য লেবাননকেই দায় নিতে হবে।
তার ভাষায়, যদি লেবানন সরকার হিজবুল্লাহকে থামাতে না পারে, তবে ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এমনকি প্রয়োজনে লেবাননের ভূখণ্ড দখল করে তা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সূত্র: আল–জাজিরা