ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া। ইরানের ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ থেকে দ্বিতীয় দফায় আরও ১৫০ জন বিশেষজ্ঞকে সরিয়ে নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’।
বুধবার (১১ মার্চ) রোসাটমের প্রধান অ্যালেক্স লিখাচেভ এই তথ্য নিশ্চিত করেছেন। রুশ সংবাদমাধ্যম ‘স্টারানা রোসাটম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত ১০ মার্চ দিবাগত রাত থেকে ১১ মার্চ ভোরের মধ্যে বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার এই দ্বিতীয় ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অ্যালেক্স লিখাচেভ জানান, পারমাণবিক বিশেষজ্ঞরা সড়কপথে ইরান সীমান্ত পেরিয়ে প্রথমে প্রতিবেশী দেশ আর্মেনিয়ায় প্রবেশ করেন। সেখান থেকে বিমানে করে তারা নিরাপদে রাশিয়ায় পৌঁছেছেন। এই জটিল উদ্ধার অভিযানে সহায়তার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং ইরান ও আর্মেনিয়ার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রোসাটম প্রধান।
বিশেষজ্ঞদের বড় একটি অংশকে সরিয়ে নেওয়া হলেও বুশেহর পারমাণবিক কেন্দ্রে এখনও প্রায় ৪৫০ জন রুশ কর্মী অবস্থান করছেন। লিখাচেভ বলেন, ‘স্থাপনার কার্যক্রম বজায় রাখা এবং অত্যন্ত সংবেদনশীল যন্ত্রপাতিগুলো সচল রাখার স্বার্থে এই মুহূর্তে তাদের সরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতির ওপর আমরা কড়া নজর রাখছি।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। যদিও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরাসরি হামলার খবর পাওয়া যায়নি, তবুও নিরাপত্তার স্বার্থে রাশিয়া তাদের জনবল কমিয়ে আনছে। সূত্র: আনাদোলু এজেন্সি