তেলের দাম বাড়ুক, ইরানকে থামানোই বেশি জরুরি: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। তেলের দাম বাড়লেও সেটিকে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন এখন তেলের দাম নয়—বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামানো।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ফ্রান্স প্রেস।

পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিকভাবে লাভও হতে পারে। তার ভাষায়, “তেলের দাম বাড়লে আমরা অনেক অর্থ আয় করি।”

তবে প্রেসিডেন্ট হিসেবে তার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

তার মতে, তেহরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই অস্থিতিশীল করবে না, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় হুমকিতে পরিণত হতে পারে।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। ওয়াশিংটনের আশঙ্কা, তেহরান যদি এ সক্ষমতা অর্জন করে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।সূত্র: এফপি