ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জনেরও বেশি শিশুর নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর রাফায়েল ওয়ারনক। এই ট্র্যাজেডির জন্য ট্রাম্প প্রশাসনের জবাবদিহি দাবি করে তিনি বলেছেন, ইরানি শিশুদের মৃত্যু আমাদের বিবেককে স্তম্ভিত করে দেওয়া উচিত।
জর্জিয়ার এই ডেমোক্র্যাট সিনেটর, যিনি পেশায় একজন ধর্মযাজক (পাসটর), সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান। ইরান এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।
সিনেটর ওয়ারনক বলেন, ‘যে দেশের নেতারা শিশুদের মৃত্যুকে এত সহজে অবজ্ঞা করতে পারে—কারণ যাই হোক না কেন—সেই জাতির নৈতিক সংস্কার (Moral repair) প্রয়োজন। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।’
ওয়ারনকসহ মোট ৪০ জন ডেমোক্র্যাট সিনেটর গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওই হামলায় মূলত ১৭০ জন স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। মার্কিন সিনেটররা ইরানে চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।