বিশ্বজুড়ে সামরিক আধিপত্য ধরে রাখতে কয়েক দশক ধরে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এমনকি এশিয়ার বিভিন্ন অঞ্চলেও এসব ঘাঁটি ব্যবহার করে দূরবর্তী দেশে সামরিক অভিযান পরিচালনা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে ওয়াশিংটন। কিন্তু ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সেই পুরোনো সামরিক কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একসময় যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক হিসেবে বিবেচিত বিদেশি সামরিক ঘাঁটিগুলোই এখন দেশটির জন্য নিরাপত্তার ঝুঁকি হয়ে উঠছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ, ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলা এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধেও এই ঘাঁটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রাথমিক পর্যায়েও ঘাঁটিটি ব্যবহার করা হয়। কিন্তু ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত অক্টোবর মাসে সেখান থেকে যুক্তরাষ্ট্রের ১২টি বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়। এর কয়েক দিন আগে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে। ব্রিটিশ সরকার এ ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও তেহরান তা অস্বীকার করেছে।
একইভাবে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও ১২টি মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়। এর আগে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম জর্ডানে সরিয়ে নেওয়ার খবর প্রকাশিত হয়। পাশাপাশি সেগুলো ইসরায়েলে স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন।
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের সময় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানের যুক্তি ছিল, এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি তাদের হামলার বৈধ কারণ তৈরি করেছে।
কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে হামলা চালায় ইরান। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে জর্ডান ও ইরাকেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ওমানে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও দেশটিও ইরানের হামলার শিকার হয়।
পেন্টাগনের মহাপরিদর্শকের গত সেপ্টেম্বরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম চার মাসে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় শত শত ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় অন্তত পাঁচটি কেসি-১৩৫ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী আরেকটি হামলায় আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার অন্তত একটি বিমান মাটিতে থাকা অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়।
কুয়েতের পরিস্থিতিও ছিল গুরুতর। শুয়াইবা বন্দরে হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন এবং সেনাবাহিনীর একটি অপারেশন সেন্টার ধ্বংস হয়। আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিমান পরিচালনার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। ক্যাম্প বুয়েরিংয়ে হামলায় রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলায় আগাম সতর্কতা রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘাঁটিতেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিমান অভিযান পরিচালনার সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানি ড্রোনের আঘাতে যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
ইউরোপেও নিরাপদ নয় মার্কিন সামরিক স্থাপনা
মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপেও মার্কিন সামরিক স্থাপনাগুলো নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত মার্চে সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির হ্যাঙ্গারে ইরানি ড্রোন আঘাত হানে। ঘাঁটিটি যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক সরবরাহ কার্যক্রমেও ব্যবহার করে।
এ ছাড়া পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য বুলগেরিয়ার বেজমের বিমানঘাঁটি থেকে ইরানে হামলার কাজে ব্যবহৃত বিমানে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়ার খবর প্রকাশিত হলে তেহরান বুলগেরিয়াকে সতর্ক করে। কয়েক সপ্তাহ পর বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানগুলো স্থায়ীভাবে বেজমের ঘাঁটি ছেড়ে গেছে। দেশটির প্রেসিডেন্টও ঘোষণা করেন, সামরিক মিশন শেষ হয়েছে।
কেন দুর্বল হয়ে পড়ছে মার্কিন ঘাঁটিগুলো?
বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত পরিবর্তন বড় সামরিক ঘাঁটিগুলোকে আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে তুলনামূলক কম খরচের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যয়বহুল সামরিক স্থাপনায় আঘাত হানা সম্ভব হচ্ছে।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন আল জাজিরাকে বলেন, বড় সামরিক ঘাঁটিগুলো এখন সহজেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর পেছনে কম খরচের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তির বিস্তার বড় কারণ।
ইরান নিজস্ব প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন দিয়ে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি করা সম্ভব। অন্যদিকে এগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। ফলে প্রতিরক্ষার খরচও বেড়ে যায়।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক আরবান কনিংহাম বলেন, এখন শুধু রাষ্ট্র নয়, বিভিন্ন সংগঠিত অপরাধী গোষ্ঠী কিংবা ছোট ছোট পক্ষও ড্রোন ব্যবহার করে সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করতে পারে। এমনকি সাধারণভাবে ড্রোন তৈরি করে তা দিয়ে নাশকতা চালানোও সম্ভব। ফলে হামলার পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।
মিত্রদের নিরাপত্তা নাকি নতুন বিপদের কারণ?
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি দীর্ঘদিন ধরে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর কাছে নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে বিবেচিত হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা বলেছিলেন। অন্যদিকে যুক্তরাজ্য বরাবরই ওয়াশিংটনের সঙ্গে তাদের বিশেষ সম্পর্কের বিষয়টি তুলে ধরে এসেছে।
কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের পর সেই নিরাপত্তার হিসাব বদলে যাচ্ছে। যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তারাই এখন পাল্টা হামলার ঝুঁকিতে পড়ছে।
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতাটি এখন দ্বিমুখী তলোয়ারে পরিণত হচ্ছে। কারণ মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিপক্ষের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ফলে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোকে নতুন করে ভাবতে হচ্ছে, এসব ঘাঁটি তাদের জন্য কতটা উপকারী।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি বলেন, উপসাগরীয় দেশগুলোর কাছে বিদেশি সামরিক ঘাঁটি রাখার ঝুঁকি ও নিরাপত্তার সুবিধা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। যেসব দেশ নিজেরা যুদ্ধ শুরু করেনি, তারাও এখন সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে।
যুদ্ধের প্রভাব শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও নৌপরিবহনও ব্যাহত হয়েছে। এতে আঞ্চলিক দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের বিরুদ্ধে আপাতত নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
যুক্তরাষ্ট্রের সামনে নতুন সামরিক সংকট
ইরানের হামলার পর উপসাগরীয় অঞ্চল ও ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের নির্ভরতা বাড়তে পারে। কারণ ইসরায়েল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক শাবানির মতে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের দিকে এগোচ্ছে-এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে।
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় বিষয়ের অধ্যাপক গের্ড ননম্যান মনে করেন, যুদ্ধ দেখিয়ে দিয়েছে, কিছু মার্কিন সামরিক ঘাঁটি নিজেরাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতিষ্ঠার সময় যেসব কাজের জন্য এগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর অনেক কিছুই এখন ঠিকভাবে করতে পারছে না।
অন্যদিকে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক আরবান কনিংহামের মতে, দীর্ঘমেয়াদে মিত্র দেশগুলোর নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। যাতে তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের জন্য বিদেশি সামরিক ঘাঁটির বিকল্প খুঁজে পাওয়াও সহজ নয়। কারণ এসব ঘাঁটি ছাড়া হাজার হাজার মাইল দূরে সামরিক অভিযান পরিচালনা এবং মিত্রদের সহায়তা দেওয়ার সক্ষমতা অনেকটাই কমে যেতে পারে।
এটাই এখন ওয়াশিংটনের বড় কৌশলগত সংকট। বিদেশে সামরিক ঘাঁটি রাখলে ইরানের মতো প্রতিপক্ষের হামলার ঝুঁকি বাড়ছে, আবার ঘাঁটি সরিয়ে নিলে কমে যেতে পারে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রভাব। ফলে কয়েক দশকের পুরোনো সামরিক কৌশল নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে মার্কিন প্রশাসনকে।
সূত্র: আলজাজিরা
‘ইরানের আকাশসীমায় হামলা চালালে ভয়াবহ পরিণতির মুখে পড়বে শত্রুরা’
সৌদি আরবের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান
হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ: আবুলফজল শেখারচি
‘শর্ত পূরণই মূল লক্ষ্য, সময় কোনো ব্যাপার নয়’
ইরান-তুরস্ক সম্পর্ক জোরদারে দুই প্রেসিডেন্টের নতুন আঞ্চলিক অঙ্গীকার
নতুন যুদ্ধ শুরু হলে ‘নিরাপদ আশ্রয়' বলতে কিছু থাকবে না: হুঁশিয়ারি ইরানের
‘ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ ভিত্তিহীন প্রোপাগান্ডা: ইসমাইল বাঘাই