তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমা অতিক্রম করার আগেই ন্যাটোর সিস্টেম প্রতিহত করেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সাধারণ জনগণের জন্য কোনো সরাসরি হুমকি সৃষ্টি হয়নি। ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ আদানা শহরের কাছে পড়ে। মন্ত্রণালয় ঘটনার সব দিক স্পষ্ট করতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি তুরস্কের দিকে লক্ষ্য করে ইরানের তৃতীয় ক্ষেপণাস্ত্র। এর আগের দুটি ক্ষেপণাস্ত্রও ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের নিরাপত্তা পরিস্থিতির উপর চাপ বাড়াতে পারে।
তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ন্যাটোর সমন্বিত পদক্ষেপের কারণে সরাসরি আঘাত এড়ানো সম্ভব হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের হুমকির পুনরাবৃত্তি রোধের জন্য পর্যবেক্ষণ এবং কৌশলগত প্রস্তুতি আরও শক্তিশালী করা হবে। সূত্র: আলজাজিরা