জনতার সঙ্গে রাজপথে পেজেশকিয়ান ও লারিজানি

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আয়োজিত বার্ষিক কুদস দিবস উপলক্ষে রাজধানী তেহরান-এ জনতার বিশাল মিছিলে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এ সময় আরও বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা মিছিলে উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মিছিলে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি ইজেই। তারা জনতার সঙ্গে কুদস দিবসের কর্মসূচিতে অংশ নেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান।

ইরানি নেতাদের এই প্রকাশ্য উপস্থিতি এমন এক সময় দেখা গেল, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরানের শীর্ষ নেতারা ভয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছেন। তেহরানের এই মিছিলে অংশগ্রহণের মাধ্যমে সেই দাবির বিপরীত একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

কুদস দিবস প্রতি বছর পালিত একটি আন্তর্জাতিক কর্মসূচি। এর মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা প্রকাশ করা হয়। ‘আল-কুদস’ হলো জেরুজালেম শহরের আরবি নাম, যা মুসলিম বিশ্বে বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। সূত্র: আলজাজিরা