ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শনিবার (১৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত একটি শক্তিশালী মিসাইল সরাসরি মার্কিন দূতাবাস চত্বরের ভেতরে থাকা একটি হেলিপ্যাডে আঘাত হেনেছে। হামলার পরপরই দূতাবাস প্রাঙ্গণ জুড়ে সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত পজিশন গ্রহণ করেন। তবে এই হামলায় কোনো প্রাণহানি হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এই হামলার বিষয়ে বাগদাদের মার্কিন দূতাবাস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গতকাল শুক্রবারই দূতাবাসটি ইরাকে অবস্থানরত মার্কিনিদের জন্য ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করেছিল। সেখানে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, ইরান এবং ইরান-পন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে।
বাগদাদের গ্রিন জোনে অবস্থিত এই দূতাবাস কমপ্লেক্সটি বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কিন কূটনৈতিক স্থাপনা। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই এলাকাটি বারবার রকেট এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ইরান-পন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ধরণের হামলার পেছনে জড়িত থাকে বলে দাবি করে আসছে ওয়াশিংটন।