ইরানজুড়ে সাড়ে ৩৬ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইসরায়েল ও মার্কিন যৌথ হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৩৬ হাজার ৫০০টিরও বেশি বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল-কলেজ এবং সাহায্য কেন্দ্রও রয়েছে। শনিবার (১৪ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ৩৬ হাজার ৫৯৩টিরও বেশি বেসামরিক ভবন পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের মধ্যে অধিকাংশই আবাসিক ভবন এবং জনসেবা কেন্দ্র। বিশেষ করে শতাধিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান এতে অন্তর্ভুক্ত। এছাড়া সংস্থার নিজস্ব ১৬টি সুবিধাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ৩২ লাখ ইরানি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, যা প্রায় ৬ থেকে ১০ লাখ পরিবারকে প্রভাবিত করেছে।

ইউএনএইচসিআরের কর্মকর্তা আয়াকি ইতো বলেন, বাস্তুচ্যুত মানুষের অধিকাংশই তেহরান এবং অন্যান্য প্রধান শহর থেকে দেশের উত্তর ও গ্রামীণ এলাকায় নিরাপত্তার খোঁজে পালিয়ে যাচ্ছেন।

তিনি আরও সতর্ক করে জানান, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে, যা মানবিক চাহিদার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। সূত্র: আলজাজিরা