ইরান এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো অব্যাহত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলে আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুদ্ধের প্রভাবে নতুন করে ১০৮ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সবাই সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট বিস্ফোরণে জখম হননি। বরং একটি বড় অংশ আহত হয়েছেন জরুরি হামলার সাইরেন বাজার পর দ্রুত নিরাপদ আশ্রয়ে (শেল্টার) যাওয়ার সময়। বিশৃঙ্খলভাবে দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে কিংবা একে অপরের সাথে ধাক্কা লেগে অনেকেই হাত-পা ভেঙেছেন বা মাথায় আঘাত পেয়েছেন। এটি প্রমাণ করে যে, ইরানের পক্ষ থেকে চালানো নিয়মিত হামলা ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ ও চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩,১৯৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ৮১ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, ইরান এখন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনের তরঙ্গ ব্যবহার করছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি জনজীবনকে সম্পূর্ণ স্থবির করে দিয়েছে। দিনরাত কয়েক দফা সাইরেন বাজার কারণে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে এবং হাসপাতালগুলোতে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি রয়েছে।