ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির মুখে মুখ খুলেছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিলেও নেটিজেনদের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে নেতানিয়াহুর সর্বশেষ একটি ভিডিওতে কারিগরি অসংগতি বা ‘এআই গ্লিচ’ দেখা দেওয়ায় রহস্য নতুন মোড় নিয়েছে।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির পক্ষ থেকে ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার খবরের সত্যতা জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ‘এগুলো সম্পূর্ণ ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’ তবে তিনি যে শারীরিকভাবে সুস্থ ও সক্রিয় আছেন, তার কোনো অকাট্য প্রমাণ বা স্থিরচিত্র এখন পর্যন্ত প্রকাশ করেনি তার কার্যালয়।
উল্লেখ্য, গত ৩ মার্চের পর থেকে তাকে আর জনসমক্ষে সরাসরি দেখা যায়নি।
রহস্যের সূত্রপাত হয় গত শুক্রবার (১৩ মার্চ) এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত নেতানিয়াহুর একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে। ভিডিওটিতে তিনি মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তবে তীক্ষ্ণ নজরধারী নেটিজেনরা লক্ষ্য করেন, ভিডিওর এক পর্যায়ে নেতানিয়াহুর ডান হাতে পাঁচটি নয়, বরং ‘ছয়টি আঙুল’ দেখা যাচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা একে ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ হিসেবে অভিহিত করছেন। অনেকের দাবি, নেতানিয়াহু হয়তো গুরুতর আহত কিংবা মৃত, আর তা লুকানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ‘ডিপফেক’ ভিডিও প্রচার করা হচ্ছে। যদিও ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ এই দাবিকে ভুয়া বলে চিহ্নিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও পার্শ্ববর্তী মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
নেতানিয়াহুর দীর্ঘ অনুপস্থিতি এবং রহস্যময় এই ভিডিওর কারণে আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন-ইসরায়েলি প্রধানমন্ত্রী কি সত্যিই বিপদমুক্ত? সূত্র: আনাদোলু, এনডিটিভি