দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার জেরে একটি জ্বালানি ট্যাঙ্কে (Fuel Tank) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সোমবার (১৬ মার্চ) ভোরে বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরের সব ধরণের কার্যক্রম স্থগিত করা হয়। দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় সকাল ১০টা থেকে পুনরায় সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে একটি ড্রোন দুবাই বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে পড়ে এবং একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। এর পরপরই সেখানে বিশাল অগ্নিপিণ্ড ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় বিমানবন্দরে থাকা শত শত যাত্রীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজ ধোলাকিয়া নামে এক যাত্রী সিএনএন-কে জানান, তিনি টরন্টোর ফ্লাইটের অপেক্ষায় ছিলেন, তখন হঠাৎ তিনটি গেটের পুরো ফ্লোর খালি করার নির্দেশ দেওয়া হয়। কয়েক শ’ মানুষকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। প্রায় ১ হাজার যাত্রীকে একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে রাখা হয়েছিল। এ সময় অনেককে ভয়ে বিমানবন্দরের মেঝেতে বসে থাকতে দেখা যায়।

বিমানবন্দর বন্ধ থাকায় যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত এবং পাকিস্তান থেকে আসা অসংখ্য ফ্লাইট মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়। অনেক ফ্লাইটকে দুবাইয়ের দ্বিতীয় প্রধান বিমানবন্দর ‘আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে’ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, সকাল ১০টা থেকে তারা ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ জানিয়েছে, বিমানবন্দরে আসার আগে যেন তারা অবশ্যই নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেন।