আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি জানায়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে রাতভর চালানো বিমান হামলায় খামেনির ব্যবহৃত একটি বিশেষ বিমান ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, ওই বিমানটি ইরানের শীর্ষ নেতৃত্ব নিয়মিত ব্যবহার করতেন। সামরিক সরঞ্জাম সংগ্রহ, বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ এবং আঞ্চলিক সমন্বয়ের কাজে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ হিসেবে এটি ব্যবহৃত হতো।

আইডিএফ আরও দাবি করেছে, এই বিমান ধ্বংস হওয়ায় ইরানের আঞ্চলিক কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। বিশেষ করে প্রক্সি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয়, সামরিক শক্তি গড়ে তোলা এবং সরকারের পুনর্গঠন সক্ষমতায় এর প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছে।

এর আগে চলতি মাসের শুরুতে একই বিমানবন্দরে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। সে সময় তাদের হামলায় অন্তত ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এসব বিমান ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স ব্যবহার করত আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও অর্থ সরবরাহের কাজে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্যতম।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ধ্বংস করা বিমানগুলো যাতে সহজে শনাক্ত করা না যায়, সেজন্য ইরান সেগুলোকে অকেজো বা পরিত্যক্ত বিমানের সংরক্ষণ এলাকায় সরিয়ে রেখেছিল। সূত্র: বিবিসি