ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে: ইসরায়েলি মন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার। 

সোমবার (১৬ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম ‘রেডিও ১০৩ এফএম’ ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।

সাক্ষাৎকারে মিকি জোহার বলেন, ‘আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরও ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যুদ্ধের বর্তমান গতিপ্রকৃতি বলছে, এটি প্রায় নিশ্চিতভাবেই আরও কয়েক সপ্তাহ ধরে চলবে।’

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা ব্যর্থ হয়।

সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

এই হামলার জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের ৬টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা

NB
আরও পড়ুন