ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত বা নিহত হয়েছেন এমন জোরালো গুজবের মুখে এবার সশরীরে ভিডিও বার্তায় হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১৫ মার্চ) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি সুস্থ ও বেঁচে থাকার প্রমাণ দিলেন।
ভিডিওটিতে দেখা যায়, জেরুজালেমের শহরতলীর একটি ক্যাফেতে বসে এক কাপ কফি হাতে সহযোগীদের সঙ্গে কথা বলছেন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ক্যাফেটির ফাইল ছবির সঙ্গে ভিডিওর দৃশ্য যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। এমনকি সংশ্লিষ্ট ক্যাফেটিও তাদের সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর সেখানে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহুর এক সহযোগী তাকে মৃত্যুর গুজব সম্পর্কে প্রশ্ন করছেন। এর উত্তরে নেতানিয়াহু কিছুটা কৌতুকপূর্ণ ও দ্ব্যর্থবোধক ভাষা ব্যবহার করেন। হিব্রু অপভাষায় ‘ডেড’ (Dead) শব্দটি কোনো কিছুর প্রতি চরম আকর্ষণ বা ‘পাগল’ বোঝাতেও ব্যবহৃত হয়। কফিতে চুমুক দিয়ে তিনি বলেন, ‘আমি কফির জন্য পাগল (Dead for coffee)। আর জানেন কি? আমি আমার জনগণের জন্যও পাগল (Dead for my people)।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুকে খুব একটা জনসমক্ষে দেখা যায়নি। যদিও তিনি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অন্তত দুটি শহর, একটি হাসপাতাল, বন্দর ও সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন, তবে নিরাপত্তার খাতিরে সেসব সফরে গণমাধ্যমকে সাথে রাখা হয়নি। এসব সফরের ভিডিওগুলো কেবল তার দপ্তর থেকেই প্রকাশ করা হয়েছে।
গত ১২ মার্চ তিনি প্রথম ভিডিও লিঙ্কের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন। বর্তমানে ইসরায়েল জুড়ে জরুরি নিরাপত্তা বিধিনিষেধ জারি রয়েছে। জনসমাবেশ নিষিদ্ধ থাকায় অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কক্ষে অবস্থান করছেন এবং দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। সূত্র: রয়টার্স ও টেলিগ্রাম।