লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় একটি বহুতল ভবন সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে।
বুধবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এই এলাকাটি মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হোটেলের জন্য পরিচিত এবং এটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুত (ডাহিহ) থেকে বেশ দূরে অবস্থিত।
ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা ওয়ায়ার ডেভিস জানান, আক্রান্ত ভবনটি গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিল। তবে বুধবার ভোরের হামলায় এটি বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা কেবল হিজবুল্লাহর যোদ্ধা বা নেতাদের লক্ষ্য করছে না, বরং হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে অর্থায়ন করে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করছে।
বৈরুতের পাশাপাশি দক্ষিণ লেবাননের টায়ার (Tyre) শহরের আশপাশেও রাতভর হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। লেবানন সরকারের তথ্যমতে, চলমান এই সংঘাতের কারণে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। রাজধানীর প্রাণকেন্দ্রে এ ধরনের হামলা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ নিরাপদ মনে করা এলাকাগুলোও এখন যুদ্ধের আওতায় চলে আসছে। সূত্র: বিবিসি