পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অশান্ত সোয়াত জেলায় একটি শান্তি সমাবেশ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
ঘটনার কিছু মর্মান্তিক চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত শান্তি সমাবেশ চলাকালে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক আলামত দেখে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি সোয়াত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই জিরগার ডাক দিয়েছিল স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’।
সমাবেশে অংশ নেওয়া মানুষজন এলাকায় স্থায়ী শান্তির দাবিতে নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে সোচ্চার স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেসময়ই হামলার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হামলাকারীদের চিহ্নিত করতে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
সূত্র: এনডিটিভি / পিটিআই
ইরানে হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
স্পেনকে শেনজেন অঞ্চল থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না
ডিবির অভিযানের তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০