ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে এক সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) ভোরে এই দণ্ড কার্যকর করা হয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার পর ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য সামনে আনল তেহরান। ধারণা করা হচ্ছে, বর্তমান যুদ্ধাবস্থায় নিজেদের কঠোর অবস্থানের জানান দিতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, ‘আজ ভোরে ইরানে আমাদের একজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুইডেন শুরু থেকেই এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং বিভিন্ন পর্যায়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বারবার আলোচনা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি।’
সুইডিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে গত ২০২৫ সালের জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ চলেছিল। ইরানের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে কৌশলগত তথ্য সরবরাহ করে সহযোগিতা করছিলেন।
এই ঘটনার ফলে সুইডেন ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা কোনো দেশের নাগরিকের ফাঁসি কার্যকর করার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এএফপি।