মধ্যপ্রাচ্যের সংঘাত এবার এক ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের হামলা চালানো হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। এসব স্থাপনার আশপাশে থাকা বেসামরিক নাগরিক ও কর্মীদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে তেহরান।
বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই রক্তক্ষয়ী সংঘাতের আগাম বার্তা দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এই চরম হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন ইরানের নিজস্ব জ্বালানি সম্পদ আক্রান্ত হয়েছে। এর কিছুক্ষণ আগেই ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহ এলাকার বিশাল তেল ও গ্যাস স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছে, ইসরায়েল ও ওয়াশিংটনের সমন্বিত অভিযানের পাল্টা জবাব দিতেই ইরান এখন উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করছে। সূত্র: আলজাজিরা