ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে বিমান হামলা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এই ঘটনা নিয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ‍মঙ্গলবার রাতের অভিযানে ইসমাইল খাতিবকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, তেহরানে চালানো এক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করছেন। তবে ইরান সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দেশটির ‘স্পর্শকাতর স্থাপনা’ সংক্রান্ত তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন বলে অভিযোগ আছে।

কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা। একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল। ছয়টি ইউরোপীয় দেশ ও তেল আভিভে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

AHA
আরও পড়ুন