শুধু যুদ্ধবিরতি নয়, সংঘাতের স্থায়ী অবসান চায় ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের সম্পূর্ণ ও স্থায়ী অবসান চায় ইরান। একই সঙ্গে ভবিষ্যতে এমন হামলার আর পুনরাবৃত্তি হবে না- তেমন আন্তর্জাতিক নিশ্চয়তাও দাবি করেছে দেশটি।

শুক্রবার (২০ মার্চ) জাপানি গণমাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব কথা বলেন।

আরাগচি বলেন, ‘আমরা চাই না গত বছরের মতো অস্থির পরিস্থিতি আবারও তৈরি হোক। তাই নামমাত্র কোনো যুদ্ধবিরতি মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সংঘাত স্থায়ীভাবে শেষ করতে হবে এবং ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে কোনো আগ্রাসন চালানো হবে না, এমন গ্যারান্টি বা নিশ্চয়তা থাকতে হবে।’

বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে তিনি বলেন, ‘এই যুদ্ধ আমাদের নয়; এটি মূলত ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংলাপ চালাচ্ছিলাম, ঠিক তখনই তারা আমাদের ওপর হামলার হঠকারী সিদ্ধান্ত নেয়। এটি ছিল একটি অবৈধ, অযৌক্তিক এবং সম্পূর্ণ বিনা উসকানিতে করা স্পষ্ট আগ্রাসন।’

আরাগচি আরও স্পষ্ট করেন যে, ইরান বর্তমানে যা করছে তা সম্পূর্ণ আত্মরক্ষার তাগিদে। তিনি বলেন, ‘ইরান যতদিন প্রয়োজন এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ চালিয়ে যাবে। আমরা কেবল আমাদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করছি।’