ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। 

শনিবার (২১ মার্চ) মধ্য ইরানের এই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারের এই হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরণের তেজস্ক্রিয় উপাদান (Radioactive elements) পরিবেশে ছড়িয়ে পড়েনি। তবে হামলার তীব্রতা ছিল অনেক বেশি। উল্লেখ্য, যুদ্ধের প্রথম সপ্তাহেও এই নাতানজ কেন্দ্রে একবার হামলা চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি জোট।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে এই হামলাকে ‘অপরাধমূলক’ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি দাবি করেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতির চরম লঙ্ঘন। বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) এবং পারমাণবিক নিরাপত্তা বিধিমালার তোয়াক্কা না করেই এই আগ্রাসন চালানো হয়েছে।

নাতানজ কেন্দ্রটি ইরানের পারমাণবিক কর্মসূচির হৃদপিণ্ড হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা রুখতেই এই অভিযান। তবে ইরান সবসময়ই দাবি করে আসছে যে, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে, যেখানে একের পর এক কৌশলগত স্থাপনায় হামলা চালানো হচ্ছে। সূত্র: আল–জাজিরা