মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের নেপথ্যে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলায় এবং ব্রিটেনের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের জরুরি সংকট মোকাবিলা কমিটি ‘কোবরা’ (COBRA)-র বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে ডাউনিং স্ট্রিটে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী স্টারমার সভাপতিত্ব করবেন।
বৈঠকে চ্যান্সেলর র্যাচেল রিভস, পররাষ্ট্র সচিব ইভেট কুপার এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং এর ফলে ব্রিটেনের অভ্যন্তরীণ বাজারে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা থেকে উত্তরণের পথ খোঁজা হবে এই বৈঠকে। সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকার কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আজ সকালেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) প্রধান বর্তমান পরিস্থিতিকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের চেয়েও ভয়াবহ বলে সতর্ক করেছেন। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের ওপর দেশীয় অর্থনীতি রক্ষার ব্যাপক চাপ তৈরি হয়েছে।
কোবরা (COBRA) কী?
যুক্তরাজ্যের ‘কোবরা’ হলো একটি উচ্চপর্যায়ের জরুরি সংকট মোকাবিলা কমিটি। এর পূর্ণরূপ হলো ‘ক্যাবিনেট অফিস ব্রিফিং রুম এ’ (Cabinet Office Briefing Room A)। যখন দেশে জাতীয় নিরাপত্তা, জনজীবন বা অর্থনীতির ওপর মারাত্মক হুমকি তৈরি হয়, তখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের জন্য এই বৈঠক ডাকা হয়।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত বিশ্ব অর্থনীতির এই অস্থিরতা কমার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনসহ ইউরোপের দেশগুলো এখন তাদের নিজস্ব মজুত ও বিকল্প জ্বালানি উৎসের দিকে নজর দিচ্ছে।
সূত্র: বিবিসি।