হরমুজ প্রণালিতে তেল পাচার পুরোপুরি বন্ধের দাবি আইআরজিসির

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

হরমুজ প্রণালির দক্ষিণ দিকের পথ দিয়ে তেল পরিবহন, যাকে ‘তেল পাচার’ বলে অভিহিত করছে ইরান, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন।

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দক্ষিণ অংশের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচল নির্দেশক ব্যবস্থাগুলো ধ্বংস করার পর গত রাতে কোনো নিষিদ্ধ জাহাজ ওই পথে প্রবেশ করতে পারেনি। ফলে ওই পথ দিয়ে তেল পাচারের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। একই সঙ্গে প্রণালির ভেতর দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান নির্ধারিত পথ ব্যবহারের ওপর জোর দিয়ে আসছে দেশটি।

এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহনের জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের পদ্ধতি ব্যবহার করছে। এতে ক্ষুব্ধ হয়ে ইরান ওই জাহাজগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছে।

গত অক্টোবর মাসে এ ধরনের হামলার সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন