মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এক ধাপ অবনমন করল বৈরুত। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (Persona non grata) হিসেবে ঘোষণা করে আগামী রোববারের মধ্যে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস রাহমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলেও লেবাননে ইরানি দূতাবাস এখনই বন্ধ হচ্ছে না। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স কূটনৈতিক মিশনটি পরিচালনা করবেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার ভয়াবহ যুদ্ধের পর থেকেই লেবাননের সঙ্গে ইরানের সম্পর্কের ফাটল দেখা দেয়। লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব এবং হিজবুল্লাহর প্রতি তেহরানের অকুণ্ঠ সমর্থন নিয়ে বৈরুতের একটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল। রাষ্ট্রদূত বহিষ্কারের এই সিদ্ধান্ত সেই শীতল সম্পর্কেরই এক চরম বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
ইরান সরকারের পক্ষ থেকে এই বহিষ্কারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।