উত্তপ্ত ইরাকের কুর্দিস্তান

মার্কিন ঘাঁটি ও রাষ্ট্রপতির বাসভবনে দফায় দফায় হামলা

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় হামলার ঘটনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দোহুক এলাকায় কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবনকে লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে প্রেসিডেন্ট বারজানি বাগদাদের কেন্দ্রীয় সরকারকে এসব হামলার বিরুদ্ধে কঠোর ও নিষ্পত্তিমূলক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইরান-ঘনিষ্ঠ ইরাক-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘আউলিয়া আল-দাম’ এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা গত ২৪ ঘণ্টায় কুর্দি অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে কোয়া জেলায় অবস্থিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের একটি ক্যাম্প এবং ইরানি সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হারির মার্কিন সামরিক ঘাঁটি অন্যতম। এছাড়া এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার চেষ্টাও চালানো হয়েছে।

তবে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'সি-র‍্যাম' (C-RAM) এর মাধ্যমে এই সবকটি হামলা প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে। রাজধানী বাগদাদেও আজ উত্তজনা ছড়িয়ে পড়ে। গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হলে ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং আকাশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান ছায়াযুদ্ধের প্রভাবে ইরাক বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে।