ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি বলেছেন, তাদের সেনারা প্রস্তুত আছে মার্কিন সেনারা আসলেই তাদের জ্বালিয়ে দেবে।
রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে। আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।
তিনি বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে। অপরদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে তাদের আসার অপেক্ষায় ময়দানে আছে।
এর আগে রোববার সকালে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগেরদিন শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস ত্রিপোলী উভচর যুদ্ধজাহাজে করে সাড়ে তিন হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা