ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের ওপর বিধ্বংসী আক্রমণ শুরু করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এই সমন্বিত হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সতর্ক সংকেত বা সাইরেন বাজছে।
রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি জানিয়েছে, ‘সানডে ডন বা রোববার ভোর’ নামক নতুন ধাপের এই অভিযানে তারা অন্তত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এই হামলায় কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে: ইরাকের ভিক্টোরিয়া বিমান ঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি।
তেহরানের দাবি, মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার সাথে একই সময়ে ইরানি ড্রোনগুলো আঘাত হানতে শুরু করে। এর ফলে তেল আবিব, আরদ, নেগেভসহ ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ বাঙ্কারে আশ্রয় নেয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরা ঘাঁটির ওপরও নজরদারি ও হামলা চালানো হয়েছে।