ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবার শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিস্ফোরণ ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সরাসরি আঘাত হানে বিরসেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও রাসায়নিক উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। আঘাতের পরপরই এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনাগুলোতে।

ঘটনার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা দূরবর্তী এলাকা থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই শিল্পাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে শিল্পাঞ্চলে রাসায়নিক ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভানো জটিল হয়ে উঠেছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করে বলা সম্ভব নয়। সূত্র: টাইমস অব ইসরায়েল।

AS/AHA
আরও পড়ুন