আমিরাতে মার্কিন রাডার স্থাপনায় ইরানের ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক বাহিনীর অবস্থান ও অত্যন্ত সংবেদনশীল রাডার স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

সোমবার (৩০ মার্চ) সকালে ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রোববার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত আরব আমিরাতে এই বিশেষ অভিযান চালানো হয়। মূলত মার্কিন বাহিনীর সেই সব রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত বা ট্র্যাক করার কাজে ব্যবহৃত হয়। তেহরানের দাবি, তাদের ‘ধ্বংসাত্মক’ ড্রোনগুলো সফলভাবে রাডারগুলো অকেজো করে দিয়েছে এবং যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল, সেখানেও সরাসরি আঘাত হেনেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একযোগে ভয়াবহ সামরিক অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। ইরান বলছে, তাদের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার প্রতিবাদেই এই ‘পাল্টা প্রতিশোধ’ নেওয়া হচ্ছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা প্রতিটি দেশই তাদের নিশানায় থাকবে।

এর আগে গত শুক্রবার সৌদি আরবের ‘প্রিন্স সুলতান’ মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে একটি মার্কিনি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছিল ইরান। এবার সংযুক্ত আরব আমিরাতের রাডার সিস্টেমে আঘাত হানার মাধ্যমে ইরান মূলত ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ‘চোখ’ বন্ধ করে দেওয়ার কৌশল নিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

এই হামলার পর সংযুক্ত আরব আমিরাত ও সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: তাসনিম নিউজ