মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে আকাশ প্রতিরক্ষায় বড় সাফল্যের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ২৪ ঘণ্টায় দেশটি মোট ১১টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করেছে।
সোমবার (৩০ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ৪৪০টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯৪১টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এসব হামলার প্রভাবে এখন পর্যন্ত আমিরাতে ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৮ জন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার কারণেই বড় ধরণের বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে বলে দাবি দেশটির।
কেবল আরব আমিরাত নয়, একই সময়ে প্রতিবেশী দেশ বাহরাইনের আকাশসীমায়ও বড় ধরণের হামলার চেষ্টা চালানো হয়েছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তারা তাদের আকাশসীমায় ৮টি ক্ষেপণাস্ত্র এবং ৭টি ড্রোন ভূপাতিত করেছে। তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইন এ পর্যন্ত মোট ১৮২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯৮টি ড্রোন সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বহুমুখী লড়াইয়ে উপসাগরীয় দেশগুলো এখন অনেকটা ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে। নিজেদের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে এই অঞ্চলের দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে (এয়ার ডিফেন্স সিস্টেম) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সূত্র: আল-জাজিরা