তেহরানের ভারদাভার্ড এলাকায় হামলার হুমকি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ 'ভারদাভার্ড'-এর বাসিন্দাদের ওপর আসন্ন হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই সতর্কবার্তা জারি করা হয়।

তেহরান সময় ভোর ৬টায় (জিএমটি ০২:০০) দেওয়া ওই বার্তায় বাসিন্দাদের আগামী চার ঘণ্টা নিজ নিজ বাড়িতে অবস্থান করার এবং এলাকা ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য কাউকেও ওই এলাকার ধারেকাছে না আসার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তবে বিড়ম্বনার বিষয় হলো, ইরানে বর্তমানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের এই অনলাইন সতর্কবার্তা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। তা সত্ত্বেও ইসরায়েল এই নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর তেহরানের কোনো আবাসিক এলাকার নিকটবর্তী স্থানে এটি অন্যতম সরাসরি হুমকির ঘটনা। সূত্র: আলজাজিরা