আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত না করেই ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রশাসন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে প্রণালিটি বন্ধ থাকা অবস্থাতেই তিনি যুদ্ধ সমাপ্ত ঘোষণা করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এমনটি হলে এই কৌশলগত জলপথে তেহরানের নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হবে এবং ভবিষ্যতে এটি চালু করার বিষয়টি এক জটিল অনিশ্চয়তায় ঝুলে থাকবে।
ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গেছে, জোরপূর্বক এই জলপথ উন্মুক্ত করার অভিযানে নামলে যুদ্ধটি ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে। তাই বর্তমানে ওয়াশিংটনের মূল লক্ষ্য হচ্ছে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা এবং পরবর্তীতে কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে অবাধ বাণিজ্যে বাধ্য করা। এই পরিকল্পনা ব্যর্থ হলে মিত্র দেশগুলোকে প্রণালিটি খোলার নেতৃত্বে রাখার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
তবে এই সিদ্ধান্তকে ‘অকল্পনীয়ভাবে দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ সুজান ম্যালনি। বিশ্লেষকদের মতে, এই প্রণালি দীর্ঘসময় বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি চরম অস্থিতিশীল হয়ে পড়বে এবং জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে।
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন
