হরমুজ পুনরায় খুলবে, কিন্তু ট্রাম্পের জন্য বন্ধ থাকবে: হুঁশিয়ারি ইরানের

বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সাফ জানিয়ে দিয়েছেন, এই পথটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের কোনো জাহাজের জন্য উন্মুক্ত করা হবে না।

বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

ইব্রাহিম আজিজি তার পোস্টে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, ‘হরমুজ প্রণালি অবশ্যই আবার খুলবে। কিন্তু (ট্রাম্প) এটি আপনার জন্য নয়। এই পথটি কেবল সেই দেশগুলোর জন্য খোলা থাকবে যারা ইরানের দেওয়া নতুন নিয়ম ও শর্ত মেনে জাহাজ চালাবে।’

ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের ক্রমাগত চেষ্টার প্রতি ইঙ্গিত করে ইব্রাহিম আজিজি কিছুটা কৌতুকপূর্ণ স্বরে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে তাঁর ‘সরকার পরিবর্তন’ (Regime Change) করার স্বপ্ন পূরণ করেছেন। তবে সেটি তেহরানে নয়, বরং সামুদ্রিক সরকারে বা জাহাজ চলাচলের নিয়মে পরিবর্তন এসেছে!’

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন আর্থিক ও নিরাপত্তা নীতিমালা কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ব্রডকাস্টিং’-এর তথ্য অনুযায়ী:
১. এই নৌপথ পার হতে হলে জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা টোল দিতে হবে।
২. এই টোল পরিশোধ করতে হবে ইরানের স্থানীয় মুদ্রা ‘রিয়াল’-এ।
৩. যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মালিকানাধীন বা স্বার্থসংশ্লিষ্ট কোনো জাহাজের জন্য এই পথ দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় টোল আদায়ের এই সিদ্ধান্ত মূলত পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের একটি বড় ধরণের পাল্টা পদক্ষেপ। 

অন্যদিকে, মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করায় মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।