ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা। গোষ্ঠীটি বলেছে, এমন পরিস্থিতি তৈরি হলে তারা প্রয়োজনে কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৩১ মার্চ) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার মাটি ব্যবহার করে হিজবুল্লাহ-কে লক্ষ্যবস্তু করা হলে তা আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তাদের ভাষায়, সে ক্ষেত্রে ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত’ নীতিতে জবাব দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এসেছে, একই সঙ্গে গোষ্ঠীটি ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরানবিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করার কথাও জানিয়েছে।
এদিকে চলমান সংঘাতে ইরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোও পাল্টা আক্রমণ চালাচ্ছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে অবস্থিত মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।
তেহরান বারবার আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলছে, তাদের ভূখণ্ড যেন ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়া হয়। ইরানের মতে, বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন এসব দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে।
এদিকে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ, যারা এটিকে ‘ঐশ্বরিক সহায়তা’ হিসেবে অভিহিত করেছে। সূত্র: প্রেস টিভি