পাকিস্তানিদের জন্য কাতারের 'অন অ্যারাইভাল' ভিসা স্থগিত

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। এতে দেশটিতে ভ্রমণের আগে এখন থেকে বাধ্যতামূলকভাবে ভিসা সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আগে থেকে ভিসা ছাড়া কাতারে গেলে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা বা জটিলতায় পড়তে পারেন পাকিস্তানি যাত্রীরা।

দূতাবাস আরও জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে আপাতত এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। তাই ভ্রমণের আগে যথাযথ ভিসা নিশ্চিত করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কাতারে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের অবশ্যই আগাম ভিসা নিতে হবে এবং কোনো ধরনের বিড়ম্বনা এড়াতে সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে।

একই সঙ্গে নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে দাপ্তরিক সূত্র থেকে নিয়মিত আপডেট নেওয়া এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: খালিজ টাইমস