ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পার হলেও এখনো প্রকাশ্যে আসেননি। তবে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা জল্পনার মধ্যে এবার তার জীবিত ও সুস্থ থাকার কথা নিশ্চিত করেছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সরাসরি জনসমক্ষে না এসে কেবল বিবৃতির মাধ্যমে অবস্থান জানিয়ে আসছেন। তার এসব বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়, যা তার অনুপস্থিতি নিয়ে জল্পনা আরও বাড়িয়ে তোলে।
এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশের ভেতরেই অবস্থান করছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে শীর্ষ নেতার জনসমক্ষে না আসা অস্বাভাবিক নয়।
এদিকে আরটিভিআই মিডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ জানান, মোজতবা খামেনি ইরানেই আছেন, তবে নিরাপত্তাজনিত কারণে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এটি ‘বোধগম্য’ সিদ্ধান্ত। সূত্র: আরটিভিআই মিডিয়া