ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা দেশটির আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। ইরানি গণমাধ্যমে প্রচারিত আইআরজিসি-র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে ইরানের ফার্স প্রদেশের আইআরজিসির একজন জনসংযোগ কর্মকর্তা জানান, ইরানের শিরাজ (Shiraz) শহরের আকাশে একটি ইসরায়েলি ‘হার্মাস ৯০০’ (Hermes 900) ড্রোন অনুপ্রবেশ করলে সেটিকে চিহ্নিত করা হয়। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি সফলভাবে ধ্বংস করা হয়।
‘হার্মাস ৯০০’ হলো ইসরায়েলের তৈরি একটি অত্যন্ত উন্নত মাল্টি-রোল ড্রোন, যা মূলত নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে এই ড্রোন ভূপাতিত করার ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ঘটনার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

