ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাজধানী তেহরানের ব্যাপক আবাসিক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ৩৩ হাজার বাড়ি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল-জাজিরা।
তেহরান সিটির মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কিছুতে সামান্য মেরামত— যেমন দরজা-জানালা ও কাঁচ ঠিক করার প্রয়োজন রয়েছে। তবে অনেক বাড়ির ক্ষেত্রে বড় ধরনের পুনর্নির্মাণ বা পূর্ণ সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, হামলার প্রভাবে বসবাস অনুপযোগী হয়ে পড়ায় এখন পর্যন্ত ১ হাজার ৮৬৯টি পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে শহরের বিভিন্ন এলাকায় গড়ে তোলা ২৩টি আবাসিক কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে তেহরান পৌর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। সরকারি উদ্যোগ ও আর্থিক সহায়তার মাধ্যমে চার হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।