একযোগে তিন আরব দেশে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার জবাবে একযোগে তিন দেশে আঘাত হেনেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। 

ইরানের ভাষ্য অনুযায়ী, এর আগে তাদের ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কমপ্লেক্স এবং কারাজের বি১ সেতুতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই আঘাতের প্রতিশোধ হিসেবেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জর্ডান-এ অবস্থানরত মার্কিন বাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসন গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েত-এর আরিফজান ক্যাম্প-এ অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থানেও আঘাত হানা হয়।

এছাড়া ড্রোন ব্যবহার করে বাহরাইন-এর বৃহত্তম অ্যালুমিনিয়াম গলন কারখানাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। তাদের অভিযোগ, এই শিল্পপ্রতিষ্ঠান মার্কিন সামরিক শিল্পকে সহায়তা দিয়ে থাকে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলার জবাবে ইরান ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানছে। সূত্র: আল জাজিরা